দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পুড়াভিটা এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় প্রশাসনের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাফ পরা এক মাদক কারবারিকে ছিনিয়ে নিয়েছে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা।
শনিবার (২০ জুন) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত ঘণ্টাব্যাপী অভিযানে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসীর হাসানের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল দুইজনকে আটক করে।
জানা যায়, দৌলতদিয়া এশিয়া বোর্ডিং এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালনার সময় আশীষ চন্দ্র শীল (২৬) নামে একজনকে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। তিনি ঢাকার ধামরাই উপজেলার বেলিশ্বর এলাকার মৃত আনন্দ চন্দ্র শীলের ছেলে।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এদিকে, পুড়াভিটার মাদক কারবারি বেবীর ছেলে ফয়সাল (২৪)কে মাদক ও নগদ টাকাসহ আটক করে হ্যান্ডকাফ পরানো হয়। এ সময় সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা প্রশাসনের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়।
হামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।
গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খান বলেন, ‘আমার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পুড়াভিটা এলাকায় ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে দুইজনকে মাদকসহ আটক করে। একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। অপর আসামি ফয়সালকে মাদক ও নগদ টাকাসহ আটক করা হয়। তাকে হ্যান্ডকাফ পরানোর পর সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা হামলা চালিয়ে ছিনিয়ে নিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কয়েকজন সদস্য আহত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এমএস/