দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালা স্থানীয় এক সালিশ বৈঠকে উত্তেজিত হয়ে টেবিল চাপড়ে ধমক দিয়েছেন। ঘটনার এক মিনিটের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শনিবার (২০ জুন) ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এমপি হানজালা উপস্থিতদের উদ্দেশে উত্তেজিত ভাষায় বলছেন, ‘কথা বললেন কেন? আপনারা এখানে কাউন্টার দিলেন কেন?’ এরপর টেবিল চাপড়ে তিনি বলেন, ‘এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব। চুপ করেন। আমি আসছি বিচার করার জন্য। কাউন্টার দিলে আমি দিব।’
ঘটনাটি প্রায় এক মাস আগে মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া এলাকায় ঘটে। তারা মিয়া নামে স্থানীয় এক বিএনপি কর্মীকে ঘিরে আয়োজিত সালিশে প্রায় ৬০০ মানুষ উপস্থিত ছিলেন। সালিশে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিলে এমপি মেজাজ হারান।
ভিডিও ভাইরাল হওয়ার পর রাজনৈতিক ও সামাজিক মহলে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ বলেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধির কাছ থেকে আরও সংযত ও ধৈর্যশীল আচরণ প্রত্যাশিত।
ভুক্তভোগী তারামিয়া বলেন, 'ঘটনাটি প্রায় এক মাস আগের। ওই সালিশ বৈঠকে অনেক মানুষ উপস্থিত ছিলেন। বিচার চলাকালে আমার সঙ্গে কথা-কাটাকাটি হয়। তিনি অভিযোগ করেন, এমপি সাহেব বিচারের মধ্যে অন্য কাউকে কথা বলার সুযোগ না দিয়ে একতরফাভাবে রায় দেওয়ার চেষ্টা করেন। আমি এর প্রতিবাদ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।'
এ বিষয়ে এমপি হানজালা বলেন, দুপক্ষ তাঁকে ডেকে নেয় এবং সালিশে সমাধান হয়। কিন্তু দুপক্ষ উত্তেজিত আচরণ শুরু করলে তিনি তাদের থামাতে উচ্চস্বরে কথা বলেন। তিনি আরও বলেন, ঘটনাটি এক মাস আগের এবং কিছু লোক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে হেয় করার জন্য ভিডিওটি এখন প্রচার করছে।
এমএম/