দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরের চরমুগুরিয়া এলাকায় টিসিবির পণ্য সংরক্ষণকারী একটি গুদামে অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ ভোজ্যতেল, ডাল, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য পুড়ে গেছে।
বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত ২টার দিকে পৌর শহরের চরমুগুরিয়া পাটগুদাম সংলগ্ন মেসার্স মোল্লা ট্রেডার্সের গুদামে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা এগিয়ে গেলে অল্প সময়ের মধ্যে আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ মোহাম্মদ আহাদুজ্জামান বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পাশের পাটের গুদামে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
প্রাথমিকভাবে অন্তত ১০ লাখ টাকার সরকারি পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ এখনও নির্ধারণ করা হয়নি।
মাদারীপুর সদর উপজেলার ইউএনও ওয়াদিয়া সাবাব বলেন, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জে আই