দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল পূর্ব বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
বুধবার ভোর ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ভাতের হোটেল, মিষ্টির দোকান, সেলুন, ইলেকট্রনিকস ও মনোহারি দোকানসহ একে একে সাতটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন মাটির আসবাবপত্রের দোকানদার লাল মোহন, সেলুন ব্যবসায়ী রতন দাস, মনোহারি দোকানদার রেজাউল করিম, মিষ্টির দোকানদার চাঁন মিয়া ও শাহজাহান, ভাতের হোটেলের মালিক লাল মিয়া এবং ইলেকট্রনিকস দোকানদার রিপন।
খবর পেয়ে স্থানীয়রা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে সব দোকান পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, দোকানের মালামাল ও নগদ অর্থসহ সবকিছুই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ভাতের হোটেল ও মিষ্টির দোকানের মালিক লাল মিয়া জানান, তার দুইটি দোকানে প্রায় ১৮ থেকে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ইলেকট্রনিকস দোকানদার রিপন বলেন, ফ্যানসহ কয়েক লাখ টাকার মালামাল ছিল, সব শেষ হয়ে গেছে।
মনোহারি ও বিকাশের দোকানদার রেজাউল করিম জানান, বিকাশের নগদ অর্থ, কার্ড ও দোকানের সব মালামাল পুড়ে গেছে। তার ক্ষতির পরিমাণ প্রায় ৫ থেকে ৭ লাখ টাকা।
সেলুন ও আসবাবপত্র দোকানের মালিক লাল মোহন জানান, তার প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।
কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ করছে। ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা জানান, দ্রুত ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত শেষে নির্ধারণ করা হবে।
এমএস/