দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় পারিবারিক কবরস্থান ও বসতভিটা দখল করে উপজেলা বিএনপির কার্যালয় নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় দুই নেতার বিরুদ্ধে। অভিযোগে দলীয় প্রভাব খাটিয়ে এবং রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে আঁতাতের মাধ্যমে ভূমি দখলের দাবি করা হয়েছে।
অভিযুক্তরা হলেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ এবং অষ্টগ্রাম সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সজু মিয়া।
অভিযোগকারী ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাখাওয়াত আলী খান বাবুল দাবি করেন, তিনি ২০০৯ সালে পারিবারিকভাবে ক্রয় করা ৯.৫ শতাংশ জমি ২০১০ সালে বিদেশে যাওয়ার পর দখল হয়ে যায়। পরবর্তীতে দেশে ফিরে জমি উদ্ধারের চেষ্টা করেও কোনো সমাধান পাননি বলে জানান তিনি।
তিনি আরও অভিযোগ করেন, তার পারিবারিক কবরস্থানের অংশ ভেঙে সেখানে মাটি ভরাট করে হাফ-পাকা টিনশেড ভবন নির্মাণ করে বিএনপির কার্যালয়ের সাইনবোর্ড টানানো হয়েছে। বিষয়টি উপজেলা বিএনপির সভাপতির উপস্থিতিতে হয়েছে বলেও দাবি করেন তিনি।
এছাড়া স্থানীয় আরেক ভুক্তভোগী জনি মিয়া অভিযোগ করেন, তিনি ক্রয়কৃত বসতভিটা ব্যবহার করতে গেলে বাধার মুখে পড়েন এবং অর্থ দাবি করা হয়। পরে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
অভিযোগকারীরা দাবি করেন, স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করেও তারা কোনো প্রতিকার পাননি। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ বলেন, কোনো জায়গা দখল করে কার্যালয় নির্মাণ করা হয়নি। তার দাবি, বৈধ কাগজপত্রের ভিত্তিতেই অফিস স্থাপন করা হয়েছে এবং এটি রাজনৈতিক প্রতিহিংসামূলক অভিযোগ।
তিনি আরও বলেন, অভিযোগকারী দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব অভিযোগ তোলা হয়েছে।
এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা ও উত্তেজনা বিরাজ করছে।
এমএস/