দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়ায় নারী প্রশিক্ষণার্থীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে জুতাপেটার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাকে দলের সব দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।
এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানের স্বাক্ষরিত এক চিঠিতে শুক্রবার রাতে এ সিদ্ধান্ত জানানো হয়।
অব্যাহতি পাওয়া ওই নেতার নাম আলী আজম সাব্বির। তিনি এনসিপির শিবগঞ্জ উপজেলা সমন্বয় টিমের সমন্বয়কারী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক নারী আলী আজম সাব্বিরকে জুতা দিয়ে মারছেন। ভিডিওটি ভাইরাল হলে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, আলী আজম সাব্বির বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের একজন প্রশিক্ষণার্থী। তার বিরুদ্ধে কয়েকজন নারী প্রশিক্ষণার্থীর সঙ্গে অশালীন আচরণ, মোবাইল ফোনে আপত্তিকর বার্তা পাঠানো এবং অশ্লীল ভাষায় কথা বলার অভিযোগ ওঠে।
এরই ধারাবাহিকতায় গত ২৪ মে দুপুরে কয়েকজন নারী প্রশিক্ষণার্থী তাকে টিটিসির একটি কক্ষে আটকে রাখেন। পরে এক নারী প্রশিক্ষণার্থী তাকে জুতা দিয়ে মারেন। এ সময় আলী আজম সাব্বির নিজের আচরণের জন্য ক্ষমা চান বলে জানা গেছে।
বগুড়া টিটিসির ড্রাইভিং প্রশিক্ষক রাশেদুল হাসান জানান, নারী প্রশিক্ষণার্থীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগের পর ঘটনাটি ঘটে। পরে আলী আজম সাব্বির নিজের দোষ স্বীকার করে কর্তৃপক্ষের কাছে লিখিত অঙ্গীকারনামা জমা দেন। প্রতিষ্ঠান খোলার পর অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এ বিষয়ে এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান বলেন, ‘অভিযোগটি সংগঠনের নজরে আসার সঙ্গে সঙ্গেই আলী আজম সাব্বিরকে দলের সব দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে তিন দিনের সময় দেওয়া হয়েছে।’
অভিযোগের বিষয়ে অভিযুক্ত আলী আজম সাব্বিরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ভিডিও ভাইরাল হওয়ার পর তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এমএস/