দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রহ্মপুত্র নদের বুকে জেগে ওঠা বিচ্ছিন্ন চর কালির আলগায় কোরবানির মাংস পেয়ে ঈদের আনন্দে ভেসেছেন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ।
‘ঈদের আনন্দ হোক সবার’—এই প্রত্যয় নিয়ে কুড়িগ্রামের সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের কালির আলগা চরে প্রায় দেড় শতাধিক পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৯ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের একদল প্রাক্তন শিক্ষার্থীর উদ্যোগে এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়। মাংস পেয়ে আনন্দে ভরে ওঠে চরাঞ্চলের মানুষের মুখ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রহিম উদ্দিন হায়দার রিপন, স্থানীয় ইউপি সদস্য হোসেন আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, ‘চরের অনেক মানুষ ঈদের দিনেও কোরবানির মাংস খেতে পারেন না। তাদের মুখে হাসি ফোটাতেই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে কেউ ঈদের আনন্দ থেকে বঞ্চিত থাকবে না।’
যাত্রাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রহিম উদ্দিন হায়দার রিপন বলেন, ‘নদীভাঙন ও দারিদ্র্যের কারণে চরের মানুষের জীবন অনেক কষ্টের। এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এতে অসহায় মানুষও ঈদের আনন্দ অনুভব করতে পারছেন।’
কালির আলগা চরের বাসিন্দা আম্বিয়া বেগম বলেন, ‘আমাদের চরে কেউ আসে না। ঈদের দিন বয়লার মুরগি কিনে খেয়েছি। আজ কোরবানির গরুর মাংস পেলাম, রাতে খাবো।’
আয়োজকরা জানান, ব্রহ্মপুত্রের বিচ্ছিন্ন এই চরের বহু পরিবার বছরের পর বছর কোরবানির মাংসের স্বাদ থেকে বঞ্চিত থাকে। সেই বিষয়টি জেনেই তারা সেখানে কোরবানি করে মাংস বিতরণের উদ্যোগ নেন।
তারা আরও জানান, সমাজের সব স্তরের মানুষের মাঝে ঈদের আনন্দ পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে, যাতে সুবিধাবঞ্চিত মানুষেরাও ঈদের আনন্দের অংশীদার হতে পারেন।
এমএস/