দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের সিতাইঝাড় এলাকায় একটি গ্রামীণ সেতু ভেঙে ট্রাক্টর নিচে পড়ে অন্তত ছয়জন আহত হয়েছেন।
রোববার (২৪ মে) দুপুর ১২টার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, একটি খালি ট্রাক্টরে ছয়জন যাত্রী সেতু পার হওয়ার সময় হঠাৎ বিকট শব্দে সেতুর মাঝের অংশ ধসে পড়ে। এতে ট্রাক্টরটি নিচে পড়ে গেলে এতে থাকা সবাই আহত হন।
পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছান। আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. এনামুল হক বলেন, সেতু ভেঙে ট্রাক্টর নিচে পড়ে যাওয়ার খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। তবে স্থানীয় লোকজন আগেই আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেন।
পাঁচগাছী ইউনিয়ন পরিষদের সদস্য মো. শামছুল ইসলাম বলেন, প্রায় ২০ বছর আগে নির্মিত সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল।
তিনি জানান, সেতুটি দিয়ে পাঁচগাছী ও বেগমগঞ্জ ইউনিয়নের ভেলুর বাজার, নয়ারহাট, সিতাইঝাড় ও পাকারমাথাসহ আশপাশের কয়েকটি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ চলাচল করতেন।
সেতু ভেঙে পড়ায় ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে বলে জানান তিনি। এতে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
জে আই