দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরের শ্রীবরদীতে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আশরাফুল ইসলাম (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
সোমবার (১৮ মে) সকালে উপজেলার খরিয়াকাজীরচর ইউনিয়নের মাদারপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম ওই এলাকার মৃত কালু মিয়ার ছেলে।
আহতদের মধ্যে মাহালম (৪৫), শরিফ (১৮), শামিম (২৮), নজরুল (১৮), আজিরন (৮০) ও হাজেরাসহ অন্তত ১৫ জন রয়েছেন। গুরুতর আহত পাঁচজনকে শেরপুর জেলা সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র ও নিহতের স্বজনরা জানান, স্থানীয় ইউপি সদস্য নুরুল আমিনের সঙ্গে আশরাফুল ইসলামের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, গত ১৬ মে রাতে নুরুল আমিন তার সমর্থকদের নিয়ে আশরাফুলের বাড়িতে হামলা চালিয়ে মারধর ও ভাঙচুর করেন। এ সময় ভ্যানগাড়ি ও বসতঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এর জেরে সোমবার সকালে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে আশরাফুল ইসলাম গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আশরাফুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ লোকজন নুরুল আমিনের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শেরপুর জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মোফাজ্জল হোসেন বিদ্যুৎ জানান, মারামারির ঘটনায় কয়েকজন আহত ব্যক্তি হাসপাতালে এসেছিলেন। তাদের মধ্যে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। গুরুতর তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মিজানুর রহমান ভূঞা বলেন, জমি নিয়ে বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএস/