দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠির রাজাপুর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে এক কৃষকের জমিতে থাকা বিভিন্ন প্রজাতির দুই শতাধিক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার রাজাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার আলগী গ্রামের বাসিন্দা ফারুখ খলিফার মালিকানাধীন প্রায় ৫৫ শতাংশ জমিতে গত ১ জানুয়ারি বিকেলে পরিকল্পিতভাবে বাদাম, আমড়া, কলা, আম, পেঁপে, লটকন, সুপারি, মেহগনি, চাম্বল ও সেরেছসহ বিভিন্ন প্রজাতির আনুমানিক ২০০টি গাছ কেটে ফেলা হয়। এতে প্রায় ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
এ ঘটনায় অভিযুক্ত করা হয়েছে একই গ্রামের সালাম খলিফা, তার স্ত্রী কুরছিয়া বেগম, কন্যা সালমা বেগম ও তানিয়া বেগম এবং নাতি আব্দুর রহমানকে।
ভুক্তভোগী সোহেল খলিফা অভিযোগ করে বলেন, কবির, জাকির, মহসিন ও তাহসিনের সহযোগিতায় সালাম খলিফা ও তার পরিবারের সদস্যরা তাদের জমি জবরদখলের চেষ্টা চালাচ্ছে। গাছ কাটার ঘটনায় তিনি প্রতিবাদ জানালে অভিযুক্তরা তাকে মারধর করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফোলা জখম হয়।
তিনি আরও জানান, তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। বর্তমানে অভিযুক্তদের হুমকির কারণে পরিবারটি চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।
তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আব্দুস সালাম খলিফা মুঠোফোনে বলেন, আমি কিংবা আমার পরিবারের কেউ গাছ কাটেনি। আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
এ বিষয়ে রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) দাউদ হোসেন বলেন, সোহেল নামে এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। উভয় পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জে আই