দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লার চৌদ্দগ্রামে হামে আক্রান্ত হয়ে সাজিদ আল নাহিয়ান নামে সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১৭ মে) সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সাজিদ উপজেলার মুন্সিরহাট এলাকার সিংরাইশ গ্রামের বাসিন্দা পারভেজ আহমেদ সুমন ও সুলতানা আক্তার দম্পতির ছেলে। তিন কন্যা সন্তানের পর ১৬ বছর পরে ছেলে সন্তান জন্ম নেওয়ায় পরিবারে আনন্দের আবহ তৈরি হয়েছিল বলে জানিয়েছেন স্বজনরা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল শিশুটি জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হলে তাকে চৌদ্দগ্রাম বাজারের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকের পরামর্শে অ্যান্টিবায়োটিক সেবনের পর সাময়িকভাবে কিছুটা সুস্থ হয়ে ওঠে সে।
পরে গত ১২ মে আবার অসুস্থ হয়ে পড়লে সাজিদকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে দুই দিন চিকিৎসার পর অবস্থার উন্নতি না হওয়ায় প্রথমে ফেনীর একটি বেসরকারি হাসপাতালে এবং পরে ঢাকার কয়েকটি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, শিশুটি হামে আক্রান্ত হয়েছে।
পরিবার জানায়, ঢাকার শিশু হাসপাতাল, ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতাল এবং সর্বশেষ তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালে ভর্তি করানো হয় সাজিদকে। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শিশুটির বাবা পারভেজ আহমেদ সুমন বলেন, তিন মেয়ের পর আমাদের ঘরে ছেলে সন্তান আসে। ১৬ বছর পর ছেলে হওয়ায় পরিবারে আনন্দের বন্যা বয়ে গিয়েছিল। কিন্তু হামের কাছে শেষ পর্যন্ত তাকে হারাতে হলো।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ তোফায়েল বলেন, শিশুটি হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। পরে জানতে পেরেছি, চিকিৎসাধীন অবস্থায় সে মারা গেছে।
জে আই