দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সীমান্তবর্তী নেত্রকোণার দুর্গাপুর উপজেলার মানুষের দীর্ঘ ১১০ বছরের পুরোনো স্বপ্ন বাস্তবায়নের পথে নতুন অগ্রগতি দেখা দিয়েছে। জারিয়া-ঝাঞ্জাইল রেলওয়ে স্টেশন থেকে দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের উদ্যোগে নতুন করে আশার আলো দেখছেন স্থানীয়রা।
এলাকার মানুষের জীবনমান উন্নয়ন এবং দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বুধবার (১৩ মে) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জারিয়া-ঝাঞ্জাইল থেকে দুর্গাপুর পর্যন্ত সম্ভাব্য রেললাইন সম্প্রসারণ এলাকা পরিদর্শনে আসছেন।
এ সময় তার সঙ্গে থাকবেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাইমুল ইসলাম এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন। জানা গেছে, বুধবার দুপুরে তারা জারিয়া-ঝাঞ্জাইল রেলওয়ে স্টেশন পরিদর্শন করবেন। পরে বিকেলে দুর্গাপুর পৌর শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে রেললাইন সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।
স্থানীয়দের মতে, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা দুর্গাপুরে রেল যোগাযোগ চালু হলে কৃষি, ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতে বৈপ্লবিক পরিবর্তন আসবে। পাশাপাশি ঢাকার সঙ্গে সরাসরি ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থাও গড়ে উঠবে।
এর আগে একাধিকবার রেললাইন সম্প্রসারণের আশ্বাস মিললেও প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় হতাশ ছিলেন স্থানীয়রা। তবে নতুন করে উদ্যোগ নেওয়ায় আবারও আশাবাদী হয়ে উঠেছেন তারা।
স্থানীয় ব্যবসায়ী তাকদির হোসাইন বলেন, ‘রেললাইন চালু হলে ব্যবসায়ীরা সবচেয়ে বেশি উপকৃত হবেন। সড়কপথে মালামাল পরিবহনে যেমন খরচ বেশি, তেমনি পণ্য নষ্ট হওয়ার ঝুঁকিও থাকে। ট্রেন চালু হলে খরচ কমবে, যাতায়াতও হবে নিরাপদ।’
আরেক ব্যবসায়ী শরীফ বলেন, ‘জারিয়া থেকে মাত্র ১২ থেকে ১৪ কিলোমিটার রেললাইন সম্প্রসারণ হলেই দুর্গাপুর সরাসরি ঢাকার সঙ্গে যুক্ত হবে। আমরা বহু বছর ধরে এ দাবির অপেক্ষায় আছি।’
শিক্ষার্থী রাজশ্বেরী রায় আরাধ্য বলেন, ‘দুর্গাপুর থেকে সরাসরি ট্রেন চালু হলে শিক্ষার্থীদের যাতায়াত অনেক সহজ হবে। উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়া শিক্ষার্থীদের জন্য এটি বড় সুবিধা হবে।’
আদিবাসী সম্প্রদায়ের নন্দিতা হাজং বলেন, ‘বাসে যাতায়াতে অনেক খরচ হয়। রেল চালু হলে কম খরচে ঢাকা ও ময়মনসিংহে যাতায়াত করা যাবে। এতে সাধারণ মানুষ উপকৃত হবে।’
সুশীল সমাজের প্রতিনিধি অ্যাডভোকেট এম এ জিন্নাহ বলেন, ‘শতাধিক বছর আগেও শ্যামগঞ্জ থেকে দুর্গাপুর পর্যন্ত রেললাইন আনার পরিকল্পনা ছিল। কিন্তু তা বাস্তবায়ন হয়নি। এবার ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিদর্শনের খবর মানুষকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে।’
এমএস/