দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জে অপহরণ মামলায় মিথ্যা সাক্ষ্য দেওয়ার দায়ে চারজনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৫ মে) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, শাহজাদপুর উপজেলার চিতুলিয়া গ্রামের কাশেম আলী, আকবর আলী, আছের উদ্দিন ও বছিরুন্নেছা।
আদালতের অতিরিক্ত পিপি হাদীউজ্জামান শেখ হাদী জানান, ১৯৯০ সালের ১৮ জুলাই শাহজাদপুর উপজেলার চিতুলিয়া গ্রামের আমির হোসেন মণ্ডলের ছেলে হিমুর সঙ্গে পাশের কাশীনাথপুর গ্রামের দেলবর খন্দকারের ছেলে আরমানের মধ্যে বিরোধের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পরিবারের মধ্যে বিরোধ তৈরি হলে দেলবর খন্দকার তার ছেলে আরমানকে টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে রেখে ছয়জনের বিরুদ্ধে অপহরণের মামলা করেন।
ওই মামলায় আমির হোসেন মণ্ডল, তার ভাই ইমাম মণ্ডল এবং দুই ছেলে বাবু মণ্ডল ও হিমু মণ্ডলকে ১০ বছর করে কারাদণ্ড দেন আদালত। কারাভোগ শেষে মুক্ত হয়ে বাবু মণ্ডলসহ অন্যরা আরমানের খোঁজ শুরু করেন।
২০০৯ সালে গোপন সূত্রে জানা যায়, আরমান পাবনার চাটমোহরে এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছেন। বিষয়টি র্যাবকে জানানো হলে র্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে আরমানকে আটক করেন।
এ ঘটনায় বাবু মণ্ডল বাদী হয়ে মিথ্যা অপহরণ মামলা করার অভিযোগে বাদী ও সাক্ষীসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার বাদী ও ভিকটিম মারা যাওয়ায় সাক্ষীদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া চলতে থাকে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ চার সাক্ষীকে মিথ্যা সাক্ষ্য দেওয়ার দায়ে এ দণ্ডাদেশ দেন।
অ/এমএম