দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরের শিবচরে প্রেমের সম্পর্কের বিচ্ছেদ সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিতে চেয়েছিলেন হাসান শিকদার (২২) নামে এক যুবক। প্রায় ৪৬০ ফুট উঁচু বৈদ্যুতিক টাওয়ারে উঠে দীর্ঘ সাড়ে ৪ ঘণ্টা ধরে আত্মহত্যার হুমকি দিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেন তিনি। শেষমেশ পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় তাকে নিরাপদে নিচে নামিয়ে আনা সম্ভব হয়েছে।
রোববার (৩ মে) সন্ধ্যার পর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের দফাদারকান্দি এলাকায় এই রুদ্ধশ্বাস পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় টাওয়ারের নিচে হাজারো উৎসুক জনতার ভীড় নামে।
স্থানীয় সূত্রে জানা যায়, জেলার শিবচর পৌরসভার ৪ নং ওয়ার্ডের মৃত সূর্য শিকদারের ছেলে হাসান শিকদারের সাথে তার প্রেমিকার সম্পর্কের বিচ্ছেদ ঘটে। প্রেম বিচ্ছেদে কাতর হাসান রোববার সন্ধ্যায় আনুমানিক ৬ টার দিক বাড়ি থেকে প্রায় ১০ কিলোমিটার দুরে শিরুয়াইল ইউনিয়নের দফাদারকান্দি এলাকার আনুমানিক ৪৬০ ফুট উচুঁ একটি বৈদ্যুতিক টাওয়ারের উপড়ে উঠে পড়ে। সেখান থেকে প্রেমিকাকে ফোনে সম্পর্ক টিকিয়ে রাখা ও টাওয়ারের নিচে আসতে অনুরোধ করে। তা না হলে সে নিচে লাফিয়ে পড়ে আত্মহত্যা করবে বলে জানায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানতে পেরে হাসানের এক বন্ধু দ্রুত ঘটনাস্থলে পৌছে টাওয়ারের উপড়ে বন্ধুর কাছে পৌছে হাসানকে নিচে নামতে বিভিন্নভাবে বুঝানোর চেষ্টা করতে থাকে।
এদিকে খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতের লোকজন ও হাসানের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌছে হাসানকে নিচে নামতে অনুরোধ করে। এভাবে দীর্ঘ সময় পর রাত প্রায় সাড়ে ১০ টার দিক হাসানকে নিয়ে তার বন্ধু নিচে নেমে আসে। পরে পুলিশ স্থানীয় জনরোষ থেকে কঠোর নিরাপত্তায় হাসানকে শিবচর থানায় নিয়ে এসে পরিবারের কাছে হস্তান্তর করে।
শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তপন কুমার ঘোষ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছে প্রায় সাড়ে ৪ ঘণ্টা ফোনে বিভিন্নভাবে বুঝিয়ে শুনিয়ে হাসান নামের যুবককে টাওয়ারের উচুঁ থেকে নিচে নামিয়ে আনতে সক্ষম হই।
কেএম/জে আই