দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রানী আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে। পরিবারের একাংশের দাবি, তাকে হত্যা করা হয়েছে। তবে প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহ ও স্বামীর নির্যাতনের জেরে তিনি কীটনাশক পান করতে পারেন।
শনিবার(১৮ এপ্রিল) দুপুরে উপজেলার হোরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনদের ভাষ্য, প্রায় ১০ বছর আগে পারিবারিক সুপারিশে রানির ভাশুর ও জেলা কৃষক দলের আহ্বায়ক ডা. শাহীন, রানির স্বামী কুদ্দুছকে ১০ লাখ টাকা ধার দেন। ওই টাকা পরিশোধ নিয়ে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। এর মধ্যে কুদ্দুছ দ্বিতীয় বিয়ে করলে পারিবারিক বিরোধ আরও তীব্র হয়।
স্বজনদের দাবি, ঘটনার দিন দুপুরে টাকা-পয়সা ও পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে কুদ্দুছ রানীকে মারধর করেন। পরে রানী কীটনাশক সেবন করেন বলে তাদের অভিযোগ।
তবে পরিবারের আরেকটি অংশের অভিযোগ, রানীকে শ্বাসরোধে হত্যার পর মুখে বিষ ঢেলে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে প্রচারের চেষ্টা করা হয়েছে। ঘটনার পর স্বামী কুদ্দুছ পালিয়ে যান বলেও জানা গেছে। পরে রানীকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে নিহতের স্বজনরা অভিযোগ করেছেন, ঘটনাটি ধামাচাপা দিতে প্রভাব খাটানোর চেষ্টা করা হচ্ছে এবং ময়নাতদন্ত ছাড়াই দাফনের উদ্যোগ নেওয়া হয়েছিল। যদিও এ বিষয়ে ডা. শাহীন গণমাধ্যমে কথা বলতে রাজি হননি।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম সালাউদ্দিন বলেন, ঘটনাটি গুরুতর। কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
জে আই