দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ৩০০ ফিট সড়কে মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে রিফাত ও সাব্বির নামে দুই কলেজছাত্র নিহত হয়েছেন।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে পূর্বাচল ৩০০ ফিট সড়কের জলসিঁড়ি চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিফাত ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার শেকেরকান্দী গ্রামের নুর ইসলামের ছেলে এবং সাব্বির একই গ্রামের আমির হোসেনের ছেলে। তারা স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ সোহেল রানা জানান, ঢাকাগামী একটি দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মোটরসাইকেলে থাকা রিফাত ও সাব্বির ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টার দিকে রিফাত এবং সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাব্বির মারা যান।
মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে প্রাইভেট কারটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জে আই