দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুরের টুমচর ইউনিয়নে বিয়েবাড়িতে খাওয়ার টেবিলে বসা নিয়ে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বড় বাড়ির পাশে মো. হারুনের বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ইব্রাহিম খলিল, মো. অনিক, মেহেদী হাসান আনন্দ, মো. রানা, মো. ইয়ামিন, মো. সামজিদ ও মো. শা আলমসহ অন্তত ৮ জন। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় ও উভয় পক্ষের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার (২৪ এপ্রিল) হারুনের ছেলে ফারুক হোসেনের সঙ্গে ভবানীগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আনোয়ার হোসেনের মেয়ে ছামিয়া আক্তারের বিয়ে সম্পন্ন হয়। পরদিন শনিবার বরপক্ষের বাড়িতে খাবারের আয়োজন করা হয়। সেখানে দুপুরে কনেপক্ষের লোকজন উপস্থিত হলে খাওয়ার টেবিলে বসা নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়।
কনেপক্ষের অভিযোগ, খেতে বসার সময় বরপক্ষের কিছু লোক চেয়ারে দাঁড়িয়ে থাকায় তারা ক্ষোভ প্রকাশ করেন। এ নিয়ে উত্তেজনা বাড়লে প্রথমে হাতাহাতি এবং পরে সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে হামলার অভিযোগও পাওয়া গেছে। এ সময় একটি মাইক্রোবাস ভাঙচুর করা হয় বলে জানা গেছে।
ভবানীগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শাহ আলম বলেন, খাওয়ার টেবিলে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে পরিস্থিতি মারামারিতে রূপ নেয়।
এ বিষয়ে বরপক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. জয়দেব নন্দী জানান, আহত অবস্থায় ৬ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহিন বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে ও ঘটনাস্থলে যায়। উভয় পক্ষের সঙ্গে কথা বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জে আই