দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহে শ্রমিক দলের দুই পক্ষের সংঘর্ষে অন্তত দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও অসন্তোষ বিরাজ করছে।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে নগরীর জেলখানা গেইট সংলগ্ন এলাকায় বিবাদমান দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটে।
আহতরা হলেন, নগরীর ২ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি ও সিএনজি চালিত অটোরিকশাচালক রমজান আলী (৪৫) এবং মো. রাশেদ (২৪)। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহানগর শ্রমিক দলের সভাপতি শহীদুল ইসলাম দুলাল জানান, নগরীর যানজট নিরসনে টাউন হল এলাকার সিএনজি স্ট্যান্ড সরিয়ে জেলখানা গেইট এলাকায় স্থানান্তরের পর সেখানে নতুন স্ট্যান্ড স্থাপন করা হয়। এ সময় দৈনিক চাঁদা দাবিকে কেন্দ্র করে বিভাগীয় শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক দেবব্রত দাস দুকুলের সঙ্গে চালকদের বিরোধের সৃষ্টি হয়। এক পর্যায়ে তার নেতৃত্বে একদল লোক চালকদের ওপর হামলা চালালে দুইজন আহত হন।
তিনি আরও বলেন, চাঁদাবাজির প্রতিবাদে চালকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধসহ বিক্ষোভ করেছেন এবং এ নিয়ে মামলা হওয়ার পরও অভিযুক্ত ব্যক্তি জামিনে বের হয়ে পুনরায় সক্রিয় হয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করে দেবব্রত দাস দুকুল বলেন, স্টেডিয়াম এলাকায় সিএনজি স্ট্যান্ড স্থাপনকে কেন্দ্র করে চালকদের মধ্যে নিজেদের মধ্যে বিরোধ হয়েছে। তিনি কোনো হামলায় জড়িত নন, বরং তার ওপরই হামলা হয়েছে বলে দাবি করেন।
ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন বলেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএস/