দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝিনাইদহে বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মো. মিরাজ উদ্দিন (২৭) নামে এক যুবককে পিটিয়ে আহত করার ঘটনায় থানায় মামলা হয়েছে। তবে এখনো কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী পরিবার।
পরিবারের দাবি, দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক।
গত মঙ্গলবার (১৪ এপ্রিল) ভুক্তভোগী কিশোরী ঝিনাইদহ সদর থানায় একজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
মামলার এজাহার ও আহত মিরাজ উদ্দিনের পরিবারের ভাষ্য অনুযায়ী, পয়লা বৈশাখ উপলক্ষে নব দোয়ার মেলায় ছোট বোন ও দুই চাচাতো বোনকে নিয়ে যান মিরাজ। এ সময় মধুহাটি ইউনিয়নের নওদাপাড়া গ্রামের শিহাবসহ কয়েকজন তার বোনদের উত্ত্যক্ত ও অশালীন আচরণ করে।
এ ঘটনার প্রতিবাদ করলে অভিযুক্তরা আরও কয়েকজনকে ডেকে এনে মিরাজকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে বলে অভিযোগে বলা হয়। পরে মেলায় উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেন।
আহত মিরাজ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের বাশেরদাইড় গ্রামের মৃত আয়নাল হকের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক।
ঝিনাইদহ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, ভুক্তভোগী কিশোরী থানায় মামলা করেছে। এজাহার ও ঘটনার ভিডিও দেখে দোষীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আশা করছি দ্রুতই আসামিদের আইনের আওতায় আনা যাবে।
জে আই