দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন বলেছেন, বিএনপি একটি রেইনবো ন্যাশন গড়তে চায়, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করবে।
রোববার (১২ এপ্রিল) পিরোজপুরে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় দ্বি-মাসিক শিক্ষক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, যে যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে এবং পাহাড়ি-সমতল সবাই সমান অধিকার ভোগ করবে।
আলমগীর হোসেন আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ধর্মীয় শিক্ষার স্বাধীনতায় বিশ্বাস করতেন। তার উদ্যোগেই ২০০৩ সালে ১৭ জেলায় মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শুরু হয়, যা পরবর্তীতে ৬৪ জেলায় বিস্তৃত হয়েছে।
তিনি দাবি করেন, বিএনপির কাছে সংখ্যালঘু সম্প্রদায় নিরাপদ। পাশাপাশি তিনি উল্লেখ করেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে মাসিক সম্মানী চালুর ব্যবস্থা করেছেন।
সভায় সভাপতিত্ব করেন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক বিশ্বজিৎ ব্যানার্জি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর পূজা ফ্রন্টের সভাপতি দিলীপ কুমার মাঝি, উপজেলা মনিটরিং সদস্য নির্মল চট্টোপাধ্যায়, অবদুত আশ্রম পিরোজপুরের সভাপতি সুভাষ চন্দ্র সরকার এবং রামকৃষ্ণ আশ্রমের সিনিয়র সহসভাপতি বিমল কৃষ্ণ মজুমদার।
সভায় বক্তারা শিক্ষার মাধ্যমে মানবিক ও অসাম্প্রদায়িক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তারা জানান, পিরোজপুর জেলায় বর্তমানে ১৬০টি কেন্দ্রের মাধ্যমে প্রাক-প্রাথমিক, ধর্মীয় শিশু শিক্ষা ও বয়স্ক শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সভা শেষে অতিথিরা বলেন, নিয়মিত প্রশিক্ষণ ও সমন্বয় সভার মাধ্যমে শিক্ষার গুণগত মান আরও উন্নত হবে।
এমএস/