দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের চিলমারীতে একটি ভাড়া বাসা থেকে আবু সাঈদ (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার থানাহাট ইউনিয়নের ছোট কোস্টারী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবু সাঈদ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার কসাইপাড়া গ্রামের মো. লিয়াকত আলীর ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুবাদে চিলমারীতে ভাড়া বাসায় একা বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১১ এপ্রিল) অফিস শেষে বাসায় ফিরে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন আবু সাঈদ। রোববার দুপুর পর্যন্ত তিনি ঘুম থেকে না ওঠায় বাসার মালিকের সন্দেহ হয়। পরে স্থানীয়দের সহায়তায় ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা খোলা অবস্থায় ভেতরে প্রবেশ করা হলে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়।
পরে স্থানীয় পল্লী চিকিৎসক এসে প্রাথমিক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
সহকর্মীদের বরাতে জানা গেছে, আবু সাঈদ গত কয়েকদিন ধরে জ্বর ও বুকের ব্যথায় ভুগছিলেন। ঘটনার আগের দিন তিনি চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য প্রক্রিয়া চলছে।
জে আই