দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুত করা ১০ হাজার ১০০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে জেলা শহরের গোকর্ণ এলাকায় সদর উপজেলা প্রশাসন ও র্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্প যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এ সময় তিন ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোকর্ণ এলাকার কয়েকটি দোকানে অনুমোদনহীনভাবে জ্বালানি তেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিনের নেতৃত্বে অভিযান চালানো হয়।
অভিযানে খোলা জ্বালানি তেল বিক্রির তিনটি দোকান থেকে প্রায় ১০ হাজার লিটার ডিজেল ও ১০০ লিটার অকটেন জব্দ করা হয়। অবৈধভাবে মজুত ও বাড়তি দামে বিক্রির অভিযোগে সংশ্লিষ্ট তিন দোকান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন জানান, র্যাবের মাধ্যমে অবৈধ মজুতের তথ্য পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মজুতের প্রমাণ পাওয়া গেছে এবং সংশ্লিষ্টদের জ্বালানি তেল বিক্রির কোনো অনুমোদন ছিল না।
র্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কমান্ডার মো. নূরনবী বলেন, মুদি দোকান, গ্যারেজ ও শ্রমিকদের আবাসস্থলে জ্বালানি তেল মজুতের তথ্য পেয়ে এ অভিযান চালানো হয়। অবৈধ মজুত ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএস/