দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী একটি বাস পদ্মা নদীতে তলিয়ে যাওয়ার মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে স্বজনদের দাবি অনুযায়ী আরও দুইজন এখনো নিখোঁজ থাকায় টানা তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বুধবার (২৫ মার্চ) বিকেলে ফেরিঘাটের পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি হঠাৎ করেই নদীতে পড়ে যায়। মুহূর্তের মধ্যেই বাসটি পানির গভীরে তলিয়ে গেলে ঘটনাস্থলে থাকা মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও ঘাট কর্তৃপক্ষের সহযোগিতায় শুরুতেই উদ্ধার তৎপরতা শুরু হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌবাহিনী, নৌ-পুলিশ এবং কোস্ট গার্ড যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে। তবে নদীর তীব্র স্রোত ও গভীরতার কারণে উদ্ধারকাজে বিঘ্ন ঘটে।
রাতভর অভিযান চালিয়ে এবং পরদিনও উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখে একে একে ২৬টি মরদেহ উদ্ধার করা হয়। সর্বশেষ তথ্যে জানা গেছে, নিহতদের মধ্যে ১১ জন নারী, ৮ জন শিশু এবং ৭ জন পুরুষ রয়েছেন।
এ ঘটনায় স্বজন হারানোর বেদনায় অনেক পরিবারই দিশেহারা হয়ে পড়েছে।
ঘটনার পরপরই নৌ মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালকের অসাবধানতা অথবা যান্ত্রিক ত্রুটির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এদিকে নিখোঁজ দুইজনের সন্ধানে এখনো উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জে আই