দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালের মেহেন্দিগঞ্জে পুরোনো পাওনা টাকা নিয়ে পুলিশের উপস্থিতিতে আয়োজিত সালিস বৈঠকে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
রোববার বিকেলে মেহেন্দিগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চরহোগলা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বরিশাল জেলা পুলিশ সুপার এজেডএম মোস্তাফিজুর রহমান। নিহত খোরশেদ আলম সিকদার (৫৭) চরহোগলা এলাকার বাসিন্দা এবং পেশায় ঢাকার একজন ট্যানারি শ্রমিক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২২ বছর আগে একটি বাড়ি নির্মাণের সময়কার বকেয়া টাকা নিয়ে খোরশেদ আলম সিকদার ও একই এলাকার রাজমিস্ত্রি জাহাঙ্গীর হাওলাদারের মধ্যে বিরোধ চলছিল। এ বিষয়ে রোববার বিকেলে পুলিশের উপস্থিতিতে সালিস বৈঠকের আয়োজন করা হয়।
আহত রাকিব সিকদারের অভিযোগ, সালিস বৈঠকে বকেয়া টাকা তাৎক্ষণিক পরিশোধের দাবি ঘিরে তর্ক-বিতর্ক শুরু হলে এক পর্যায়ে জাহাঙ্গীর হাওলাদারের ছেলে নাঈম হাওলাদার খোরশেদ আলমকে বুকে লাথি মারেন এবং পরে তাকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় খোরশেদ আলমকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে তোতা সিকদার, রাকিব সিকদার, মোকেছদ সিকদার ও টুম্পা বেগম রয়েছেন।
বরিশাল জেলা পুলিশ সুপার জানান, সালিস বৈঠকে হাতাহাতির ঘটনা ঘটে এবং এতে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং এজাহার প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মেহেন্দিগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন হাওলাদারকে দল থেকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন পৌর বিএনপির নেতারা।
এমএস/