দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মোবাইলের টর্চ লাইটের আলোকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে মোঃ মুসাব্বির ওরফে বাবলু নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও দুইজন—মাসাকিন ও সুজন মিয়া—গুরুতর আহত হয়েছেন। ঘটনা ঘটে শনিবার রাতের দিকে নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের বড়নগর গ্রামের গোজিয়াখাই এলাকায়। নিহত মুসাব্বির বড়নগর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। রবিবার সকালে জেলা সদর হাসপাতাল মর্গে নিহতের সুরতেহাল প্রস্তুত করেছে পুলিশ।
নিহতের পরিবার ও আহতরা জানিয়েছেন, শনিবার ঈদের দিন মুসাব্বির তার বন্ধুদের নিয়ে ঘুরাফেরা করছিলেন। সন্ধ্যায় বড়নগর গোজিয়াখাই এলাকা অতিক্রম করার সময় তার মোবাইলের টর্চ লাইটের আলো সড়কের পাশে আড্ডা দিচ্ছিলো তাকবির, তানভীর ও তাদের বন্ধুদের চোখে পড়ে। এ নিয়ে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। স্থানীয়রা বিষয়টি তখন মীমাংসা করলেও, রাতের পরে মুসাব্বির বন্ধুদের নিয়ে ফিরে গেলে তাকবির, তানভীর, হাসানসহ কয়েকজন পূর্ব পরিকল্পিতভাবে তাদের ওপর ছুরি নিয়ে হামলা চালায়।
পরিবারের সদস্যরা মুসাব্বিরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত মাসাকিন ও সুজন জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ লাল ঘোষ জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং অভিযোগ সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।