দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়ার আদমদীঘিতে লাইনচ্যুত হওয়া নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি উদ্ধারে কাজ শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
বুধবার (১৮ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টার দিকে পাবনার ঈশ্বরদী থেকে আসা একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধার অভিযান শুরু হয় বলে জানিয়েছেন সান্তাহার রেলওয়ের স্টেশন মাস্টার খাদিজা খাতুন।
তিনি বলেন, পার্বতীপুর থেকেও আরও একটি উদ্ধারকারী ট্রেন আসছে। যত দ্রুত সম্ভব রেলযোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।
এর আগে বুধবার দুপুর সোয়া ২টার দিকে নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় ট্রেনের ভেতরে ও ছাদে থাকা শতাধিক যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীরা।
দুর্ঘটনার পর নওগাঁ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট উদ্ধারকাজে নামে। ফায়ার সার্ভিসের পরিদর্শক রেজাউল করিম বলেন, দুপুর সোয়া ২টার দিকে দুর্ঘটনার খবর পাই। আমাদের চারটি ইউনিট কাজ করছে। ৪৭ জনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের স্থানীয় হাসপাতালের পাশাপাশি নওগাঁ জেনারেল হাসপাতালেও নেওয়া হয়েছে।
দুর্ঘটনার কারণে নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও জয়পুরহাটের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এছাড়া উত্তরাঞ্চলের সঙ্গে দিনাজপুরের রেল যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে ঢাকা-রংপুর-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক মো. মাহফুজুর রহমান বলেন, ঘটনাস্থলে রেললাইনের মেরামত কাজ চলছিল এবং সেখানে লাল পতাকা টানানো ছিল। কিন্তু চালক দ্রুতগতিতে আসায় দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ট্রেনটির ৯টি বগি এখনও লাইনচ্যুত অবস্থায় আছে। এখন পর্যন্ত মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর ট্রেনের চালক ও অন্য স্টাফদের ঘটনাস্থলে পাওয়া যায়নি বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
স্থানীয় সূত্রে জানা গেছে, যে স্থানে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে সেখানে আগে থেকেই রেললাইনের মেরামত কাজ চলছিল।
জে আই