দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশাল নগরীতে শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজনকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে মোটরসাইকেল বহর পৌঁছালে আয়োজনে থাকা ব্যক্তিরা কেক ও ব্যানার ফেলে সরে যান বলে জানা গেছে।
মঙ্গলবার রাত ১০টার দিকে নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের নবগ্রাম রোড এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি কেক ও ব্যানার জব্দ করে থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের বেলায় একটি সড়কে জন্মদিন উদযাপনের আয়োজন করা হয়েছিল। খবর পেয়ে অন্য একটি পক্ষ ঘটনাস্থলে পৌঁছালে সেখানে থাকা ব্যক্তিরা দ্রুত সরে যান।
বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার এক কর্মকর্তা জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে একটি জন্মদিনের কেক ও একটি ব্যানার জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এদিকে একই দিন সন্ধ্যায় জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও ইফতার আয়োজনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে একটি স্থানে ব্যানার টাঙিয়ে দোয়া-মোনাজাত ও স্লোগান দেওয়ার দৃশ্য দেখা যায়।
তবে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তাদের এলাকায় এ ধরনের কোনো আয়োজনের ঘটনা ঘটেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর সত্যতা যাচাইয়ের বিষয়টি তদন্ত করা হচ্ছে।
এমএস/