দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরের নকলায় যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা নাজিফ (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের তিনজনসহ চারজন আহত হয়েছেন।
সোমবার দুপুরে ঢাকা–শেরপুর মহাসড়কের নকলা উপজেলার কুর্শা বাইপাস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজিফ জামালপুর সদর উপজেলার মাস্টারবাড়ি এলাকার বাসিন্দা পুলিশ কনস্টেবল নজরুল ইসলামের ছেলে। দুর্ঘটনায় আহত হয়েছেন নাজিফের মা সুমি আক্তার (৩৭), ভাই নাহিদ (৮), বোন নওশিন (১৫) এবং সিএনজি অটোরিকশার চালক (৪৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে নাজিফের মা ও ভাইবোন সিএনজি অটোরিকশায় করে ময়মনসিংহ থেকে জামালপুরের গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথে নকলা উপজেলার কুর্শা বাইপাস মোড়ে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস অপর একটি বাসকে ওভারটেক করার সময় অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নাজিফের মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহতদের মধ্যে সুমি আক্তার ও নাহিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নওশিন ও অটোরিকশা চালককে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপ জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি আটক করা হয়েছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এমএস/