দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশাল জেলা পরিষদ ও সিটি করপোরেশনের নতুন দুই প্রশাসক আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার সকালে পৃথক আয়োজনে তারা নিজ নিজ প্রতিষ্ঠানের দায়িত্বভার গ্রহণ করেন।
সকাল সাড়ে ১১টার দিকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। জেলা পরিষদের প্রশাসকের কক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আহসান হাবিব তার হাতে দায়িত্বভার হস্তান্তর করেন।
দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় আকন কুদ্দুসুর রহমান বলেন, ‘সুষ্ঠু ও দুর্নীতিমুক্তভাবে বরিশাল জেলা পরিষদ পরিচালনার চেষ্টা করব। সবার সহযোগিতায় জেলা পরিষদকে একটি কার্যকর, গণমুখী, আধুনিক ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করতে চাই।’
এর আগে বেলা সাড়ে ১২টার দিকে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। তার দায়িত্ব গ্রহণ উপলক্ষে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত অনুষ্ঠান ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে নগর অডিটোরিয়াম ভবনে নিজ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।
এ সময় বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান তার হাতে দায়িত্বভার হস্তান্তর করেন। অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, ‘আমি প্রশাসক নয়, জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। সবার সহযোগিতা ও পরামর্শ নিয়ে একটি সুন্দর ও কার্যকর সিটি করপোরেশন গড়ে তুলতে চাই।’
তিনি বলেন, নগর ব্যবস্থাপনা উন্নয়ন ও নাগরিক সেবার মান বাড়াতে সংশ্লিষ্ট সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
উল্লেখ্য, এই প্রথমবারের মতো বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে কোনো নারী দায়িত্ব গ্রহণ করলেন।
এমএস/