দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচনে বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে।
রোববার (১৫ মার্চ) দুপুরে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রতীক বরাদ্দ করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।
এ সময় জামায়াত প্রার্থী মো. মাসুদুর রহমান মাসুদের মাঝে প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা বরাদ্দ দেওয়া হয়। এর আগে বিএনপি প্রার্থী মো. মাহমুদুল হক রুবেলকে ধানের শীষ এবং বাসদ (মার্কসবাদী) প্রার্থী মিজানুর রহমানকে কাঁচি প্রতীক দেওয়া হয়েছে।
এ নির্বাচনে মোট পাঁচজন বৈধ প্রার্থী থাকলেও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবু তালেব মো. সাইফুদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম বাদশা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় শেষ পর্যন্ত তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে সহকারী রিটার্নিং অফিসার ও শ্রীবরদী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল হাসান, সহকারী রিটার্নিং অফিসার ও ঝিনাইগাতী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জহিরুল হকসহ বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকসহ নির্বাচনসংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে আচরণবিধি প্রতিপালন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিক। তিনি সকলকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সবার সহযোগিতা কামনা করেন। সভায় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর মৃত্যুজনিত কারণে গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন স্থগিত করা হয়। পরে নির্বাচন কমিশন আগামী ৯ এপ্রিল এ আসনে ভোটগ্রহণের জন্য পুনঃতফসিল ঘোষণা করেছে। প্রয়োজন না থাকায় এ আসনে গণভোট অনুষ্ঠিত হবে না।
এমএস/