দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের কাহারোল উপজেলায় প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। উপজেলার বলরামপুর সাহপাড়া গ্রাম থেকে সারা দেশে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আগামী সোমবার ( ১৬ মার্চ) প্রধানমন্ত্রী স্বশরীরে কাহারোল উপজেলার প্রত্যন্ত বলরামপুর সাহপাড়া গ্রামে এসে ‘বলরামপুর সাহপাড়া খাল খনন প্রকল্প’-এর উদ্বোধন করবেন। এ উপলক্ষে সেখানে একটি জনসমাবেশেও বক্তব্য রাখার কথা রয়েছে তার।
সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ ফরিদ গোরস্তানে তার নানা-নানী, খালাসহ অন্যান্য স্বজনদের কবর জিয়ারত করবেন। পরে ঐতিহাসিক গোরে শহীদ মাঠে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও নেতাকর্মীদের সঙ্গে ইফতার মাহফিলে অংশ নেওয়ারও কথা রয়েছে।
সংশ্লিষ্টরা জানান, সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী চার বছরে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন ও পুনঃখনন করা হবে।
এই বৃহৎ কর্মসূচির অংশ হিসেবে প্রথম ধাপে দেশের বিভিন্ন স্থানে ৫৩টি খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৮০ দিনের মধ্যে প্রায় ১ হাজার ৪০০ কিলোমিটার খাল খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্টদের আশা, এই প্রকল্প বাস্তবায়ন হলে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং ধানসহ বিভিন্ন ফসলের উৎপাদন বাড়বে। পাশাপাশি কৃষি ও স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন তারা।
জে আই