দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, অল্প সময়ের মধ্যেই বন্ধ হয়ে থাকা পাটকলগুলো চালু করে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে।
শনিবার (১৪ মার্চ) দুপুরে পিরোজপুরের ভান্ডারিয়ায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, পাট আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। একসময় এই সোনালী আঁশের মাধ্যমে বিশ্বের কাছে বাংলাদেশের পরিচিতি ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এ খাত অনেকটা পিছিয়ে গেছে।
তিনি বলেন, বর্তমান সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বন্ধ পাটকলগুলো আবার চালু করার উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে পাটখাতে বৈচিত্র্য এনে নতুন কর্মসংস্থান তৈরির পরিকল্পনাও নেওয়া হচ্ছে।
শরীফুল আলম বলেন, প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটপণ্যের ব্যবহার বাড়াতে আমরা কাজ করছি। ইতোমধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তরে পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দৈনন্দিন জীবনে যেখানে যেখানে পাট ও চটের ব্যবহার সম্ভব, সেগুলো নিশ্চিত করার চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, সরকারের মেয়াদ কম হলেও অল্প সময়ের মধ্যেই দৃশ্যমান অগ্রগতি আনার লক্ষ্য নিয়ে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে পাট ও পাটবীজের উৎপাদন বৃদ্ধি, বন্ধ মিল-কারখানা চালু করা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির পদক্ষেপ রয়েছে।
এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, গণপূর্ত বিভাগ পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মো. শহীদুল ইসলাম, ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, সদস্য সচিব মাসুদ রানা পলাশ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লবসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
জে আই