দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় পাটুরিয়া ফেরি ঘাটে ফেরি থেকে নামার সময় ব্রেক ফেল করে ২৪ হাজার লিটার তেলবোঝাই একটি লরি পদ্মা নদীতে ডুবে গেছে। ঘটনার ১৪ ঘণ্টা অতিক্রম হলেও এখনও নিমজ্জিত লরিটি উদ্ধার করা যায়নি।
বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা সাড়ে ১০টার দিকে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ে বাণিজ্য শাখার এজিএম মো. সালাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে পৌঁছে পদ্মায় নিমজ্জিত লরিটি উদ্ধারে কাজ করছে। পাশাপাশি বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসও উদ্ধার কাজ করছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে লরিটি উদ্ধার করা সম্ভব হবে।
পাটুরিয়া ৫ নম্বর ফেরি ঘাটে দুর্ঘটনাটি ঘটেছিল বুধবার (১১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে। লরির চালক শরীফ ও তার সহকারীকে ফায়ার সার্ভিসের সদস্যরা জীবিত উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঝিনাইদহ-ঢাকা ৪১-০০৪২ নম্বরের দশ চাকার লরিটি যশোর থেকে ২৪ হাজার লিটার বাম্প ওয়েল নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে দৌলতদিয়া ঘাট থেকে ফেরি পার হওয়ার পর পাটুরিয়া ঘাটে নামার সময় ঢালু পথে লরিটির ব্রেক হঠাৎ বিকল হয়ে যায়। ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পিছনের দিকে সরে গিয়ে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়।
বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জানান, লরিটি যেখানে নিমজ্জিত হয়েছে সেখানে পানির গভীরতা অনেক বেশি। উদ্ধারকারী হামজার ক্রেনের সঙ্গে রেকার ব্যবহার করে লরিটি বাঁধার চেষ্টা করা হচ্ছে। এরপর সিস্টেম অনুসারে টেনে তোলা হবে। এজন্য এখনো উদ্ধার কাজ কিছুটা সময়সাপেক্ষ হচ্ছে।
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রানী জানান, ডুবে যাওয়া লরির চালক ও সহযোগীকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং লরিটি উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
জে আই