দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুর শহরের তিনটি সুপারশপে ভেজালবিরোধী অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিভিন্ন অসংগতি পাওয়ায় দুটি সুপারশপের মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে শহরের স্বপ্ন, আল-আকসা সুপারমার্কেট ও তামিম ফ্যামিলি ফুড সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক লাভলী শীল। সার্বিক সমন্বয়ে ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য্য।
এ সময় মাদারীপুর র্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভেজাল খাদ্যবিরোধী অভিযানের অংশ হিসেবে তিনটি সুপারশপে তল্লাশি চালানো হয়। এতে আল-আকসা সুপারমার্কেটের গুড়ে হাইড্রোজেন পার অক্সাইডের অস্তিত্ব এবং অসংখ্য পোকা পাওয়া যায়। এছাড়া প্রতিষ্ঠানটিতে ফুড কালারের নামে ক্ষতিকর রং, অনুমোদনহীন ভেজাল মরিচের গুঁড়া ও ভেজাল তালমিশ্রি পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটির মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়।
অন্যদিকে স্বপ্ন সুপারশপে অনুমোদনহীন ফুড কালার পাওয়া গেলে সেগুলো জব্দ করা হয়। এছাড়া তামিম ফ্যামিলি ফুড সেন্টারের গুড়ে হাইড্রোজেন পার অক্সাইডের অস্তিত্ব এবং কিছু খাদ্যে ক্ষতিকর রঙের উপস্থিতি পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিকের বিরুদ্ধেও নিয়মিত মামলা করা হয়েছে।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য্য বলেন, ‘ভেজাল খাদ্যবিরোধী অভিযানের অংশ হিসেবে আজ তিনটি সুপারশপে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় বিভিন্ন খাদ্যপণ্যে অনুমোদনহীন রঙ ও ক্ষতিকর হাইড্রোজেন পার অক্সাইডের অস্তিত্ব পাওয়া যায়। একটি প্রতিষ্ঠানের গুড়ে অসংখ্য পোকাও পাওয়া গেছে। পরে দুটি প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’
এমএস/