দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালের বাকেরগঞ্জে নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবিরের ওপর হামলার প্রতিবাদে থানা ঘেরাও ও বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামি আন্দোলন।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বাকেরগঞ্জ থানার সামনে এ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ সমাবেশের নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা রোকনুজ্জামান ডাকুয়া ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান জাহাঙ্গীর।
এ সময় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শেষে থানা ঘেরাও কর্মসূচি পালন করেন।
সমাবেশে বক্তারা চেয়ারম্যান হুমায়ুন কবিরের ওপর হামলার নেতৃত্বদানকারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল সিকদারসহ হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তারা বলেন, একজন জনপ্রতিনিধির ওপর এ ধরনের সন্ত্রাসী হামলা অত্যন্ত ন্যক্কারজনক এবং আইনশৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ। দ্রুত জড়িতদের আইনের আওতায় আনতে হবে। হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
পরবর্তীতে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি খন্দকার সোহেল রানা অপরাধীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষোভ সমাবেশ সমাপ্তি ঘোষণা করা হয়।
সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৯ মার্চ চাল চুরির অভিযোগ এনে নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবিরের ওপর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল সিকদার হামলা চালায় বলে জানা গেছে।
আরএ