দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁদপুরের হাজীগঞ্জে একটি কুরিয়ার সার্ভিসের পার্সেল থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতনামা ২–৩ জনকে আসামি করে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (৮ মার্চ) রাতে হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ এলাকায় অবস্থিত এ.জে.আর ট্রান্সপোর্ট এজেন্সি লিমিটেড কুরিয়ার সার্ভিসের অফিসে একটি পার্সেলের ভেতরে মাদক থাকার তথ্য পায় হাজীগঞ্জ থানা পুলিশ। খবর পেয়ে পুলিশ কর্মকর্তা সৌরভ হাদী ও এসআই (নিঃ) নূর মোহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান। কুরিয়ার কর্তৃপক্ষ তাদের একটি বাদামি রঙের ‘DHL’ লেখা বক্স দেখান। পরে পুলিশ পার্সেলটি খুলে ৯টি প্যাকেট গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত গাঁজার মোট ওজন ১৯ কেজি ৫০০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৯০ হাজার টাকা।
পার্সেলের ভেতর থেকে আরও কিছু সামগ্রীও উদ্ধার করা হয়। এর মধ্যে ছিল—২ পাতা ‘Oral Fresh Brush’ (প্রতিটিতে ১২টি করে ব্রাশ), ২ বোতল ফুড কেয়ার ওটস, ১২টি কিচেন ক্লিনার, একটি কার্বন কপি বুকিং মেমো এবং ‘মায়ের দোয়া এন্টারপ্রাইজ’ এর একটি ক্যাশ মেমো।
কুরিয়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, রোববার দুপুর ১২টা ১০ মিনিটে এক অজ্ঞাত ব্যক্তি ‘মায়ের দোয়া এন্টারপ্রাইজ, হাজীগঞ্জ’ নাম ব্যবহার করে পার্সেলটি বুকিং করেন। পার্সেলটির প্রাপক হিসেবে লেখা ছিল ‘পাখি স্টোর, বরিশাল’। বুকিং বাবদ ৩৫০ টাকা দিয়ে পার্সেলটি বুকিংকারী চলে যান। পরে রাতে পার্সেলটি গাড়িতে তোলার সময় অবৈধ কিছু থাকতে পারে বলে সন্দেহ হলে তারা থানায় খবর দেন।
পরে পুলিশ পার্সেলটি জব্দ করে থানায় নিয়ে আসে। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জব্বার জানান, মাদক উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মামলাটি তদন্ত করছেন হাজীগঞ্জ থানার এসআই (নিঃ) নূর মোহাম্মদ।
এমএস/