দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁর মান্দায় চোর সন্দেহে রফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে আটকের পর মাদরাসার শিক্ষকদের মারধরে মৃত্যুর অভিযোগ উঠেছে। তবে এ মৃত্যু নিয়ে এলাকায় ধোঁয়াশা তৈরি হয়েছে। কীভাবে মাদরাসা শিক্ষকদের মারধরে চোর সন্দেহ করা ব্যক্তি মারা গেছেন, তা স্থানীয়রাও কেউ জানেন না। আবার শিক্ষকরা বলছেন, স্থানীয়দের মারধরে ওই ব্যক্তি মারা গেছেন। ঘটনার পর প্রতিষ্ঠান প্রধান বিষয়টি ধামাচাপা দিতে বিভিন্ন মহলকে ম্যানেজ করার চেষ্টা করছেন।
বুধবার (৪ মার্চ) দিবাগত রাতে উপজেলার প্রসাদপুর দারুল উলুম ইসলামীয়া কওমি মাদরাসা ও এতিমখানায় এ ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের জিনারপুর গ্রামের মৃত জেহের আলীর ছেলে।
জানা গেছে, নিহত রফিকুল ইসলাম নামে ওই ব্যক্তি পানি খাওয়ার জন্য মাদরাসায় প্রবেশ করেছিলেন। কিন্তু তাকে চোর সন্দেহে আটক করেন মাদরাসার শিক্ষক সাব্বিরসহ কয়েকজন। এরপর তাকে আমগাছের সঙ্গে বেঁধে উপর্যুপরি মারধর করা হয়। মারধরের এক পর্যায়ে রফিকুল ইসলাম মারা যান। পরে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য প্রধান শিক্ষক মাওলানা মাসুদুর রহমান বিভিন্ন মহলে জোর তদবির করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
স্থানীয় জহুরুল নামে একজন বলেন, মাদরাসার আশপাশে কোনো বাড়ি নেই। তবে গভীর রাতে মাদরাসা থেকে চিৎকারের শব্দ ভেসে আসছিল। সকালে গুনজন হচ্ছে সেখানে এক চোরকে মারধরে করে মেরে ফেলা হয়েছে।
তবে এ বিষয়ে অভিযুক্ত মাদরাসার শিক্ষক সাব্বির হোসেন কোনো মন্তব্য করতে চাননি।
এদিকে এ বিষয়ে প্রসাদপুর দারুল উলুম ইসলামীয়া কওমি মাদরাসা ও এতিমখানার প্রধান শিক্ষক মাওলানা মাসুদুর রহমান বলেন, সেহেরির জন্য মাদরাসায় রান্নার কাজ করা হচ্ছিল। এসময় অপরিচিত এক ওই ব্যক্তিকে চোর সন্দেহে শিক্ষক সাব্বিরসহ কয়েকজন তাকে আটক করে গাছে বেঁধে মারধর করে। এক পর্যায়ে অচেতন হলে ফোনে আমাকে বিষয়টি জানানো হয়। ঘটনাস্থলে গিয়ে দেখি তিনি মারা গেছেন। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মাসুদ রানা বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তি রফিকুল ইসলাম এলাকায় ছিঁচকে চোর (ছোট-খাটো চোর) ছিলো বলে জানা গেছে। তবে বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
/অ