দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মৃত্যুর সাড়ে সাত মাস পর সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আসামি হয়েছেন এক বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা। পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলার এজাহারে ২১৯ নম্বর আসামি হিসেবে নাম রয়েছে জহিরুল হক সামচু ঢালীর। অথচ ঘটনার প্রায় সাড়ে সাত মাস আগেই মারা গেছেন তিনি। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
সামচু ঢালী মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ঢালীকান্দি এলাকার বাসিন্দা। তিনি মৃত ইসমাইল ঢালীর ছেলে। কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা সামচু ঢালী একজন বীর মুক্তিযোদ্ধাও ছিলেন।
পরিবারের তথ্য অনুযায়ী, গত ২৯ মার্চ মারা যান সামচু ঢালী। অথচ গত ৯ নভেম্বর দিবাগত রাতে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজায় সংঘটিত নাশকতার ঘটনায় করা মামলায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ মৃত্যুর প্রায় সাড়ে সাত মাস পর তাকে একটি ফৌজদারি মামলার আসামি করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর দিবাগত রাত দেড়টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় একদল ব্যক্তি লাঠিসোঁটা ও লগি-বৈঠা নিয়ে সড়কে অবস্থান নেন। একপর্যায়ে কয়েকটি যানবাহনে হামলা ও ভাঙচুরের পাশাপাশি একাধিক ককটেল বিস্ফোরণ ঘটে। এতে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। সেতুর দুই প্রান্তে আটকা পড়ে যানবাহন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় গত ১২ নভেম্বর পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ২৫১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। তালিকার ২১৯ নম্বরে রয়েছে মৃত সামচু ঢালীর নাম।
মৃত্যুর পর সংঘটিত ঘটনায় একজন মৃত ব্যক্তিকে কীভাবে আসামি করা হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। মামলার এজাহার তৈরির আগে আসামিদের পরিচয়, জীবিত থাকা এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা যাচাই করা হয়েছিল কি না, তা নিয়েও আলোচনা চলছে।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নানা ব্যঙ্গ-বিদ্রূপ শুরু হয়েছে। কেউ কেউ কটাক্ষ করে লিখেছেন, দলীয় কর্মসূচিতে অংশ নিতে মৃত্যুর পরও যেন কবর থেকে উঠে এসেছেন ওই আওয়ামী লীগ নেতা। তবে এ ঘটনা মামলার আসামি শনাক্তকরণ ও এজাহার তৈরির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন সামনে এনেছে।
সামচু ঢালীর ছেলে নাজমুল হক ঢালী বলেন, তার বাবা গত ২৯ মার্চ মারা গেছেন। মৃত্যুর পরও তাকে মামলার আসামি করায় তারা বিস্মিত। প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার বিষয়ে তাদের কোনো আপত্তি নেই। তবে একজন মৃত ব্যক্তিকে কীভাবে মামলার আসামি করা হলো, সেটিই তাদের প্রশ্ন। বিষয়টি সুষ্ঠু তদন্ত করে মিথ্যা মামলা থেকে তার বাবার নাম প্রত্যাহারের জন্য সরকারের কাছে আবেদন জানান তিনি।
মামলার বাদী পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন বলেন, তিনি শুধু নামেই মামলার বাদী। আসামিদের নাম তাকে দেওয়া হয়েছে। আসামির বাড়ি শিবচরে হলেও তাকে ব্যক্তিগতভাবে চেনেন না। সেখান থেকেই নামগুলো এসেছে বলে জানান তিনি।
অন্যদিকে, পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, মামলায় এতসংখ্যক আসামির মধ্যে দু-একটি নাম ভুলবশত অন্তর্ভুক্ত হতে পারে। তদন্তে কারও বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়া গেলে বা ভুলক্রমে নাম অন্তর্ভুক্তির প্রমাণ মিললে তাদের নাম বাদ দেওয়ার সুযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
যে আই