দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)–এর অনুমোদন ছাড়াই মোড়কে সংস্থাটির লোগো ব্যবহার করে ভেজাল ও অস্বাস্থ্যকর শিশুখাদ্য উৎপাদন এবং বাজারজাত করার অভিযোগে শেরপুরের নকলায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই)–এর তথ্যের ভিত্তিতে নকলা উপজেলা প্রশাসন অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন অ্যানি।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শেরপুর জেলার নকলার পূর্ব চিথলিয়া ও জালালপুর এলাকায় অবস্থিত আলিফ ফুড অ্যান্ড বেকারি এবং মিথিল আইসক্রিম অ্যান্ড ফুড প্রোডাক্ট কারখানায় দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই, আইসক্রিম, চিপস, চানাচুর ও মটর ভাজা উৎপাদন ও সংরক্ষণ করা হচ্ছিল।
অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠান দুটির কোনো বৈধ অনুমোদনপত্র নেই। তবু তারা বিএসটিআইয়ের অনুমোদন না নিয়েই মোড়কে সংস্থাটির লোগো ব্যবহার করে পণ্য বাজারজাত করছিল। কারখানা স্থাপনের অনুমোদনপত্র, পরিবেশ ছাড়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্রও পাওয়া যায়নি। এছাড়া উৎপাদিত পণ্যের মান পরীক্ষার জন্য কোনো ল্যাব সুবিধা ছিল না।
মিথিল আইসক্রিম কারখানায় অভিযান চালিয়ে চানাচুর ১২০০ পিস, চিপস ২৪০০ পিস, মটর ভাজা ১৪০০ পিস, ফাটাফাটি চিপস ২৪০০ পিস ও পটেটো চিপস ২০০ পিস প্যাকেটজাত অবস্থায় জব্দ করা হয়। এছাড়া খোলা অবস্থায় ৮ হাজার ৮২০ প্যাকেট চিপস উদ্ধার করা হয়। বিভিন্ন নামে উৎপাদিত নকল ও অস্বাস্থ্যকর আইসক্রিম ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে আলিফ ফুড অ্যান্ড বেকারি থেকে ৭১০ কেজি সেমাই জব্দ করা হয়। প্রতিষ্ঠানটিকে ৩৫ হাজার টাকা জরিমানা করে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়।
অভিযানকালে বিএসটিআই কর্মকর্তা রাহাত আহমেদ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জে আই