দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাছ চুরির অপবাদে এক ব্যক্তিকে নির্মমভাবে মারধর করে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে মাছের ঘেরের মালিক ও তার লোকজনের বিরুদ্ধে। ঘটনার দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভাইরাল ভিডিও দুটি রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত থেকে ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, এক ব্যক্তিকে ধরে এনে গাছের ডাল দিয়ে বেধড়ক মারধর করা হচ্ছে।
আহত ব্যক্তির নাম সেলিম পাইক (৩০)। তিনি ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের ইকুরি এলাকার মৃত মতলব আলী পাইকের ছেলে। বর্তমানে তিনি শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় যাঁর নাম উঠে এসেছে তিনি শাহিন মাদবর (৩৮)। তিনি শরীয়তপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পালং এলাকার বাসিন্দা। শাহিন মাদবর একজন মাছের ঘের ব্যবসায়ী এবং শরীয়তপুর জেলা আন্তঃপরিবহন মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক।
৪৩ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, দুই ব্যক্তি সেলিম পাইককে মাছের ঘেরের মাঝখান থেকে ধরে পাড়ে নিয়ে আসেন। পরে একজন তার হাত ধরে রাখেন এবং আরও দুইজন গাছের ডাল দিয়ে তাকে মারধর করেন। এ সময় সেলিম জোরে জোরে ‘বাবারে, বাবারে’ বলে চিৎকার করছিলেন।
অন্য একটি ১৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, সেলিমের হাত রশি দিয়ে বাঁধা। মাছের ঘেরের মালিক শাহিন মাদবর একটি মোটা শুকনো ডাল দিয়ে সেলিমের দুই পায়ে সজোরে আঘাত করছেন। পাশে আরও তিনজন দাঁড়িয়ে ঘটনাটি দেখছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, রোববার ভোরে সেলিম পাইককে মারধর করে পা ভেঙে ইকুরি এলাকায় ফেলে রাখা হয়। তার অবস্থা গুরুতর হওয়ায় পরে অভিযুক্ত শাহিন মাদবর ও তার লোকজনই তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে চিকিৎসাধীন সেলিম পাইক বলেন, আমি মাছ চুরি করিনি। আমাকে মিথ্যা অপবাদ দিয়ে পিটিয়েছে। আমার পা ভেঙে দিয়েছে। আমি এর বিচার চাই।
ইকুরি এলাকার বাসিন্দা জেদ্দা বলেন, ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে দেখি কয়েকজন লোক একজনকে পুকুর থেকে ধরে এনে মারধর করছে। ঘটনাটি খুবই অমানবিক।
শাহিন মাদবর বলেন, চার মাস আগে তার ঘেরের মাছ চুরির ঘটনায় সেলিম পাইকসহ সাতজনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়। তার দাবি, প্রায় ৬০ লাখ টাকার মাছ তারা নিয়ে গেছে।
তিনি আরও বলেন, রোববার ভোরে সেলিম পাইক ছয়জন লোক নিয়ে তার ঘেরে জাল ফেলতে এলে তার লোকজনকে ‘সেনদা’ দিয়ে ধাওয়া দেওয়া হয় এবং এক পাহারাদার আহত হন। পরে ধাওয়া দিলে অন্যরা পালিয়ে গেলেও সেলিম ধরা পড়েন।
পিটুনির বিষয়ে তিনি বলেন, ঘের আমার আমি পিটাবো না তো কে পিটাবে?
এ বিষয়ে ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, মাছ চুরির সন্দেহে ঘটনাটি ঘটেছে বলে তিনি শুনেছেন। বিষয়টি তদন্তে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
জে আই