দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর চারটি সংসদীয় আসনে এবার মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৯ হাজার ৫৮৯ জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে এসব ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে নতুন সংসদ গঠনে অংশ নেবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ৬১ হাজার ৯৮৬ জন, নারী ভোটার ৭ লাখ ৪৭ হাজার ৫৮৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৮ জন। জেলায় স্থায়ী ভোটকেন্দ্র রয়েছে ৫১৩টি, অস্থায়ী ২৪৬টি এবং মোট ভোটকক্ষ ৩ হাজার ১৩৬টি। আটটি উপজেলা ও পাঁচটি পৌরসভা জুড়ে নির্বাচন ঘিরে ব্যস্ততা ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, পটুয়াখালী–১ আসনে ভোটার ৫ লাখ ৫ হাজার ৮৩৫ জন, পটুয়াখালী–২ আসনে ৩ লাখ ১৫ হাজার ২৮২ জন, পটুয়াখালী–৩ আসনে ৩ লাখ ৭৫ হাজার ৮৭১ জন এবং পটুয়াখালী–৪ আসনে ৩ লাখ ১২ হাজার ৬০১ জন। জেলায় ৭৭টি ইউনিয়ন সেনা ক্যান্টনমেন্ট বোর্ড নির্বাচনকালীন নিরাপত্তা ও ব্যবস্থাপনায় ভূমিকা রাখবে।
এবারের নির্বাচনে নতুন ভোটারদের উপস্থিতি উল্লেখযোগ্য। চারটি আসন মিলিয়ে প্রায় ৮০ হাজার নতুন ভোটার প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন। তরুণ ভোটারদের এই অংশগ্রহণ নির্বাচনকে বাড়তি গুরুত্ব দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সদর উপজেলার নতুন ভোটার জান্নাতুল ফেরদৌস বলেন, ‘জাতীয় পরিচয়পত্র পাওয়ার পর থেকেই ভোট দেওয়ার অপেক্ষায় ছিলাম। এবার নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারব, এটা আমার জন্য আনন্দের।’ বাউফলের নতুন ভোটার রাকিব হোসেন বলেন, ‘উন্নয়ন ও কর্মসংস্থানকে গুরুত্ব দিয়ে আমি সিদ্ধান্ত নেব।’ দশমিনার নতুন ভোটার আবদুল্লাহ আল মামুন বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারাই আমাদের প্রত্যাশা।’ রাঙ্গাবালীর নতুন ভোটার সোহেল মাঝি বলেন, ‘নদীভাঙন ও কাজের সংকট যিনি গুরুত্ব দেবেন তাকেই ভোট দেব।’
সংশ্লিষ্টদের মতে, বিপুলসংখ্যক নতুন ভোটারের অংশগ্রহণ পটুয়াখালীর নির্বাচনে নতুন মাত্রা যোগ করেছে এবং ভবিষ্যৎ রাজনীতিতে তরুণদের সক্রিয় ভূমিকার ইঙ্গিত দিচ্ছে।
এমএস/