দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, হাদি হত্যার বিচার আমরা চাই। এই বাংলার মাটিতেই হাদির বিচার হবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটায় সিরাজগঞ্জের বেলকুচি সরকারি কলেজ মাঠে বিএনপি প্রার্থী আমিরুল ইসলাম খান আলীমের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টুকু বলেন, কেউ কেউ বিভিন্ন দাবি–দাওয়া তুলে নির্বাচন বন্ধ করার চেষ্টা করছে। কখনো স্লোগান দেওয়া হচ্ছে ‘আগে হাদির বিচার, পরে নির্বাচন’। আমরাও হাদির বিচার চাই। কিন্তু নির্বাচন বানচালের ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না।
তিনি অভিযোগ করে বলেন, একটি গুপ্ত দল দীর্ঘদিন ছাত্রলীগ ও যুবলীগের পরিচয়ে সক্রিয় ছিল। শেখ হাসিনার পতনের পর তারা প্রকাশ্যে এসে নিজেদের ‘বিপ্লবী’ হিসেবে পরিচয় দিচ্ছে এবং নির্বাচনকে কেন্দ্র করে নানা ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে।
জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে টুকু বলেন, ঢাকায় বৈঠক করে বলা হচ্ছে, ক্ষমতায় গেলে অমুক ছাত্রনেতাকে মন্ত্রী বানানো হবে। সরকার গঠন না করেই যদি ধরে নেন ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যাবেন, তাহলে জনগণ তা মেনে নেবে না।
তিনি আরও বলেন, তারা সৎ মানুষের শাসনের কথা বলে। তাহলে কি আমরা সবাই অসৎ? নির্বাচনে কত টাকা খরচ হচ্ছে, মানুষ তা দেখছে। প্রশ্ন হচ্ছে, সেই টাকার উৎস কোথায়? আর আমরা সীমিত সামর্থ্য নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছি।
ধর্মের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, ইসলামের নামে ভোট চাওয়া হচ্ছে। কোরআনে স্পষ্ট বলা আছে, ধর্মকে ব্যক্তিস্বার্থে ব্যবহার করা যাবে না এবং ধর্মের বিনিময় করা যাবে না। অথচ সেই নির্দেশ অমান্য করেই রাজনীতিতে ধর্ম ব্যবহার করা হচ্ছে।
জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী) আসনে ধানের শীষের প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জে আই