দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নির্বাচনে জয়-পরাজয় যাই হোক, নির্বাচনের পরও বিএনপির রাজনীতি চালিয়ে যাবেন বলে মন্তব্য করেছেন পাবনা-৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টু।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ঈশ্বরদী বাজারের পুরাতন বাসস্ট্যান্ডে এক নির্বাচনী জনসভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, আমি শহীদ জিয়ার সৈনিক। গায়ের জোরেই এই দল করে এসেছি, গায়ের জোরেই করব। প্রতিপক্ষ কখনোই আমাকে রাজনীতি করতে দিতে চায়নি, তবু আমি করেছি। এটা তারেক রহমান নিজেও জানেন।
তিনি বলেন, নির্বাচনী প্রচারণায় যেখানেই গিয়েছেন সেখানেই ব্যাপক সাড়া পেয়েছেন, বিশেষ করে তরুণদের কাছ থেকে। আমি জয়ের ব্যাপারে আশাবাদী। তবে ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব ও তার সমর্থকদের বিরুদ্ধে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ করেন জাকারিয়া পিন্টু।
তিনি জানান, বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে।
জনসভায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ মালিথার সভাপতিত্বে বক্তব্য দেন আটঘরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ খান, পাকশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকিউল ইসলাম তপন সরদার, দাশুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম কেনেডি মালিথাসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা।
উল্লেখ, পাবনা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করায় জাকারিয়া পিন্টুকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি এর আগে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এবং ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়া শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তিনি কারাবন্দি ছিলেন। গত ৫ আগস্টের পর তিনি মুক্তি পান।
জে আই