দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের (এনএসডব্লিউ) স্টেট পার্লামেন্টের আগামী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিবিদ ও ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মাসুদ খলিল। শনিবার সন্ধ্যায় পশ্চিম সিডনির রন মুর কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। আগামী ২০২৭ সালের মার্চে এনএসডব্লিউ স্টেট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সিডনির ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলে দীর্ঘদিন ধরে স্বতন্ত্র কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন মাসুদ খলিল। অস্ট্রেলিয়ায় বাংলাদেশি বংশোদ্ভূতদের মধ্যে তিনিই প্রথম কোনো সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র হিসেবে নির্বাচিত হন। বড় রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার এ অর্জন বাংলাদেশি কমিউনিটির জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক।
এবার স্থানীয় সরকার থেকে স্টেট রাজনীতিতে পা রাখার প্রস্তুতি নিচ্ছেন তিনি। এনএসডব্লিউ পার্লামেন্ট নির্বাচনে ক্যাম্পবেলটাউন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে স্থানীয় ভোটারদের সমর্থন কামনা করেন মাসুদ খলিল।
অনুষ্ঠানে তিনি বলেন, অস্ট্রেলিয়ার রাজনীতি দীর্ঘদিন ধরে দুটি বড় দলের প্রভাবের মধ্যে রয়েছে। তার মতে, এর ফলে অনেক সময় জনগণের মৌলিক সেবা ও স্থানীয় সমস্যার পরিবর্তে দলীয় স্বার্থ বেশি গুরুত্ব পায়।
‘কমিউনিটি ভয়েস অব অস্ট্রেলিয়া’র প্রতিনিধি ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হলে রাজনৈতিক সংস্কারে ভূমিকা রাখা এবং তৃণমূল পর্যায়ে জনগণের সেবা নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার করেন তিনি।
ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর খালেদ হালাবির সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ, ব্যবসায়ী, পেশাজীবী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এমএম/