দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী শনিবার (৩১ জানুয়ারি) টাঙ্গাইল সফরে আসছেন। তার এ সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা বিএনপি।
বুধবার (২৮ জানুয়ারি) জনসভার ভেন্যু টাঙ্গাইল শহরের ধরুন চরজানা বাইপাস এলাকা পরিদর্শন করেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় তারেক রহমানের নিরাপত্তা বাহিনী সিএসএফ-এর সদস্যরাও উপস্থিত ছিলেন।
দলীয় সূত্র জানায়, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তারেক রহমান ২৯ জানুয়ারি রাজশাহী সফরের মাধ্যমে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা পরিদর্শন করবেন। সফরের ধারাবাহিকতায় সর্বশেষ ৩১ জানুয়ারি তিনি টাঙ্গাইলে আসবেন। সফরসূচি অনুযায়ী, ওই দিন দুপুর ২টায় জেলা বিএনপির আয়োজনে ধরুন বাইপাস এলাকায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতসহ সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপির নেতাকর্মীরা। জনসভা সফল করতে মঞ্চ নির্মাণ, জনসমাগম ব্যবস্থাপনা, শৃঙ্খলা ও নিরাপত্তা পরিকল্পনাসহ সব ধরনের কাজ চলমান রয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, নির্বাচনী জনসভার সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। ভেন্যু পরিদর্শন সম্পন্ন হয়েছে। টাঙ্গাইলে যেভাবে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তাতে এই জনসভা স্মরণকালের বৃহৎ জনসমাগমে পরিণত হবে বলে আমরা আশাবাদী।
তিনি আরও বলেন, টাঙ্গাইলের জনগণ অধীর আগ্রহে আমাদের নেতা তারেক রহমানকে এক নজর দেখার অপেক্ষায় রয়েছেন। তিনি আগামী দিনের বাংলাদেশ কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। ইনশাআল্লাহ, এই জনসভা থেকেই নির্বাচনে বিজয়ের পথ আরও সুদৃঢ় হবে।
জে আই