দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ীর দুটি আসন রাজবাড়ি-১ (সদর ও গোয়ালন্দ) এবং রাজবাড়ি-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) থেকে মোট ১২ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সুলতানা আক্তার আনুষ্ঠানিকভাবে তাদের প্রতীক বরাদ্দ প্রদান করেন।
রাজবাড়ি-১ আসনে ৪ জন প্রার্থী প্রতীক পেয়েছেন। বিএনপি মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম পেয়েছেন ‘ধানের শীষ’ প্রতীক। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত জেলা আমির অ্যাডভোকেট মোঃ নূরুল ইসলাম ‘দাঁড়ি পাল্লা’ প্রতীক পেয়েছেন। জাতীয় পার্টির জেলা সভাপতি অ্যাডভোকেট খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু ‘লাঙ্গল’ প্রতীক পেয়েছেন। এছাড়া জেলা জাকের পার্টির সভাপতি মোহাম্মদ আলী বিশ্বাস ‘গোলাপ ফুল’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
রাজবাড়ী-২ আসনে মোট ৮ জন প্রার্থী প্রতীক পেয়েছেন। বিএনপি মনোনীত সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদ ‘ধানের শীষ’ প্রতীক পেয়ে নির্বাচন করবেন। সাবেক সংসদ সদস্য ও স্বাধীন প্রার্থী মো. নাসিরুল হক সাবু ‘কলস’ প্রতীকের অধিকারী হয়েছেন। জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট মোঃ সফিউল আজম খান ‘লাঙ্গল’ প্রতীক পেয়েছেন। গণঅধিকার পরিষদের জাহিদ শেখ ‘দেওয়াল ঘড়ি’, এনসিপি মনোনীত জামিল হিজাজী ‘শাপলা কলি’, বাংলাদেশ খেলাফত মজলিসের মকাজী মিনহাজুল আলম ‘রিকশা’, বাংলাদেশ ইসলামী আন্দোলনের মো. আব্দুল মালেক ‘হাতপাখা’ এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আব্দুল মালেক ‘ছড়ি’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সুলতানা আক্তার জানান, রাজবাড়ি-১ ও রাজবাড়ি-২ আসনে মোট ১৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাদের মধ্যে ৫ জনের মনোনয়ন বাতিল হয়েছে, ৩ জন আপিল করে পুনরায় প্রার্থী হয়েছেন এবং ২ জন মনোনয়ন প্রত্যাহার করেছেন। ফলস্বরূপ রাজবাড়ি-১ আসনে ৪ জন এবং রাজবাড়ি-২ আসনে ৮ জন প্রার্থী প্রতীক পেয়েছেন।
রাজবাড়ি-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩০ হাজার ২১৫ জন, যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৬ হাজার ১৪৯ জন, মহিলা ২ লাখ ১৪ হাজার ৫৮ জন এবং হিজড়া ভোটার ৮ জন। ভোট কেন্দ্র রয়েছে ১৫৬ টি।
রাজবাড়ি-২ আসনে ভোটার সংখ্যা ৫ লাখ ৫৯ হাজার ৬৯৩ জন, যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮৫ হাজার ৬০৯ জন, মহিলা ২ লাখ ৭৪ হাজার ৭৯ জন এবং হিজড়া ভোটার ৫ জন। এই আসনে ভোট কেন্দ্র রয়েছে ১৯৮ টি। উল্লেখযোগ্য, বালিয়াকান্দি ও কালুখালীতে প্রতিটিতে একটি করে এবং পাংশায় দুটি নতুন ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে।
এ সময় রাজবাড়ি স্থানীয় সরকারের উপপরিচালক ড. মো. মাহমুদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক উছেন মে, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি)সহ প্রার্থী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
জে আই