দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান বলেছেন, দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সব সময় অভিযোগ থাকাই স্বাভাবিক। গত ৫৪ বছরে কোন সরকারই অভিযোগমুক্ত ছিল না। সমাজ ও পরিবারের ক্ষেত্রেও অভিযোগ থাকে। তাই মূলত সবাই যদি চান সুষ্ঠু নির্বাচন হোক, তাহলে নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে। নির্বাচনে ভুলত্রুটি থাকলে তা সংশোধনের পথ খোলা রাখা উচিত, আর এর জন্য আন্দোলনের চেয়ে সহযোগিতা করা বেশি প্রয়োজন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রুটি গ্রামে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মুশফিকুর রহমান আরও বলেন, গত ১৫-১৬ বছরে দেশে সকল প্রতিষ্ঠানকে রাজনীতির মাধ্যমে ধ্বংস করা হয়েছে, যা একদিনে সংশোধন সম্ভব নয়। তবে ভোটার তালিকা প্রস্তুতসহ প্রবাসীদের ভোটাধিকার দেওয়া একটি বড় উদ্যোগ হিসেবে দেখা যাচ্ছে। কিছু ভুলত্রুটি থাকলেও বিএনপি পক্ষ থেকে নির্বাচন কমিশনের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
তিনি আশাবাদ প্রকাশ করে বলেন, এবারের নির্বাচনে আওয়ামী লীগ আমলের মতো দিনের ভোট রাতেই গণনা হবে না। তাই ভোটাররা এবার তাদের সত্যিকারের জনপ্রতিনিধিকে বেছে নিতে পারবেন।
দোয়া মাহফিলে ধরখার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাছির উদ্দিন হাজারী, জেলা বিএনপির সদস্য খন্দকার বিল্লাল আহমেদ, ধরখার ইউনিয়ন বিএনপি’র সভাপতি শেখ হুমায়ন কবীর জীবনসহ ইউনিয়নের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গ্রামবাসী।
জে আই