দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদী-১ (সদর) আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুর পেছনে সরাসরি দায়ী ফ্যাসিস্ট সরকার ও শেখ হাসিনা।
তিনি বলেন, খালেদা জিয়ার আকাশচুম্বী জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে বর্তমান সরকার তারেক রহমানকে মামলা দিয়ে বিদেশে পাঠিয়ে দেশের বাইরে রাখা হয়েছে এবং বেগম খালেদা জিয়াকে জেলে বন্দি করে হত্যা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শোক সভায় প্রধান অতিথির বক্তৃতায় খায়রুল কবির খোকন এসব কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনা বিশ্বাস করতেন যদি খালেদা জিয়াকে হত্যা করা যায়, তাহলে তার দেশের কোনো প্রতিপক্ষ থাকবে না এবং তিনি কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবেন।
খায়রুল কবির খোকন আরও বলেন, বেগম খালেদা জিয়া দেশের জন্য অনেক অবদান রেখেছেন, নীতির প্রশ্নে কখনো আপস করেননি এবং অন্যায়ের কাছে মাথা নত করেননি। তার কাছে বিলাসবহুল জীবনযাপনের প্রলোভন দেওয়া হয়েছিল, কিন্তু তিনি দেশের প্রতি দায়বদ্ধ থেকে দেশ ছাড়েননি।
তিনি উল্লেখ করেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিয়াউর রহমানের সমাধি সরানোর জন্য অনেক চেষ্টা করেছিলেন। লুই আই কানের নকশা অনুযায়ী ৩ কোটি টাকা ব্যয়ে সংসদ ভবনের নকশা তৈরি করা হয়েছিল, যেখানে জিয়াউর রহমানের সমাধি রাখা হয়নি। একাধিকবার সংসদ ভবন এলাকা থেকে তাঁর কবর সরানোর উদ্যোগ নিয়েও সফল হননি শেখ হাসিনা। তবে ভাগ্যের নির্মম পরিহাস, ১৯৯০ সালের গণ-অভ্যুত্থানের ফলে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছিল। আর সেই জিয়াউর রহমানের কবরের পাশেই রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হয়েছেন তার স্ত্রী বেগম খালেদা জিয়া।
খায়রুল কবির খোকন বলেন, খালেদা জিয়া শেষযাত্রায় যে সম্মান পেয়েছেন তা ইতিহাসে বিরল, কারণ আল্লাহ যাকে সম্মান দেন, কেউ তা কেড়ে নিতে পারে না।
শোক সভায় নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি রাশেদুল হাসান রিন্টু (সিআইপি) সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক উদ্দিন ভূইয়া, এম এ জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎসহ চেম্বারের পরিচালকবৃন্দ ও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জে আই