দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি সরকারের ভিত্তি হচ্ছে বাংলাদেশের মানুষকে সম্পদ হিসেবে দেখা এবং মানবসম্পদ উন্নয়ন করা—এমন মন্তব্য করেছেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও দাখিল-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ১৭৪ জন কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মুশফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী এবং বিএনপি সরকারের ভিত্তি হচ্ছে বাংলাদেশের মানুষকে সম্পদ হিসেবে দেখা। অর্থাৎ মানবসম্পদ উন্নয়ন করা। শিক্ষা ও স্বাস্থ্য—এই দুটি বিষয়কে প্রধানমন্ত্রী গুরুত্ব দিয়েছেন। এসব ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করাই তাঁদের দায়িত্ব।
তিনি বলেন, রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের উৎসাহিত করবে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল করতে অনুপ্রাণিত করবে।
তিনি আরও বলেন, এবার যে বিদ্যালয়টি সবচেয়ে ভালো ফলাফল করেছে, সেই বিদ্যালয়ে একটি বিজ্ঞানাগার উপহার দেওয়া হবে। আর যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ভালো ফলাফল করতে পারেনি, সেসব প্রতিষ্ঠানের শিক্ষকদের আরও সতর্ক ও পরিশ্রমী হতে হবে। একটি বিদ্যালয়ের ভালো ফলাফলের পেছনে শিক্ষকদের ভূমিকা অনেক বেশি। তাই যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো ভালো ফলাফল হয়নি, সেসব প্রতিষ্ঠানের শিক্ষকদের আরও বেশি পরিশ্রম করার আহ্বান জানান তিনি।
রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারপার্সন মেহভীন রহমান মুনিয়ার সার্বিক দিকনির্দেশনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. দৌলত হোসেন ভূঁইয়া, জেলা বিএনপি নেতা আবুল মনসুর মিশনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সমন্বয়ক মুফতি মুহাম্মাদ নূরুল ইসলাম। পরে এসএসসি, দাখিল ও প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ১৭৪ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা ও স্মারক তুলে দেওয়া হয়।
পরে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান আখাউড়া উপজেলা পরিষদের নবনির্মিত ভবন এবং বিএনপির দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন।
এমএস/