দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক কিশোরীকে বিয়ে দিতে রাজি না হওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার সিংগারবিল ইউনিয়নের কাশীনগর গ্রামে এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই গ্রামের দশম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে দীর্ঘদিন ধরে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল একই গ্রামের হুমায়ুন মিয়ার ছেলে রাকিব ও তাঁর পরিবার। তবে রাকিবের সঙ্গে মেয়েটির বিয়ে দিতে রাজি হয়নি কিশোরীর পরিবার।
কিশোরীর পরিবারের দাবি, এ বিরোধের জেরে মেয়েটির পড়াশোনা বন্ধ হয়ে যায়। এ অবস্থায় কিশোরীর সঙ্গে দেখা করতে না পেরে ক্ষুব্ধ হন রাকিব।
স্থানীয়দের ভাষ্য, মঙ্গলবার রাতে রাকিব ওই কিশোরীর বাড়ির সামনে গিয়ে পরিবারের সদস্যদের গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।
এ সময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়ান। এতে অন্তত ১০ জন আহত হন। পাশাপাশি বেশ কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালানো হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রাজিব চন্দ্র সরকার বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পরবর্তী সহিংসতা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। মেয়েসংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএস/